চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ বলেছেন, নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করে পহেলা বৈশাখ। নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন খুবই প্রয়োজনীয়।
গত ১৪ এপ্রিল চন্দনাইশে বাংলা নববর্ষ–১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে শোভাযাত্রাটি চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ (মাজার পয়েন্ট সেতু) থেকে শুরু হয়ে গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে সম্মিলিত বর্ষবরণ পরিষদের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি। মেলা কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজুর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসর এমদাদ হোসেন, থানা ওসি মো. ইলিয়াছ খান, প্রফেসর উত্তম কুমার আচার্য, বিএনপি নেতা মোজাম্মেল হক বেলাল, সিরাজুল ইসলাম, মো. ইখতিয়ার হোসেন, মো. মোরশেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম প্রমুখ।














