হালদা নদী বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ নদী। হালদা নদীর সবচেয়ে বড় পরিচয় হলো এটি বাংলাদেশের রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। রুই, কাতলা, মৃগেল ও কালবাউশের মতো দেশীয় কার্পজাতীয় মাছের প্রজননের জন্য নদীটি বিশেষভাবে পরিচিত। সমপ্রতি এক গবেষণায় হালদার দুই তীরে ১০২৯ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭২৯ প্রজাতির উদ্ভিদ আগের কোনো গবেষণায় পাওয়া যায়নি। গবেষণায় এই প্রাপ্তি উদ্ভিদ বৈচিত্র্য বিভাগে এক গুরুত্বপূর্ণ সংযোজন। নদী দখল ও দূষণ রোধ করা না গেলে এই দুর্লভ ও বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদপ্রজাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গবেষক দল।
বর্ষা মৌসুমে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে হালদায় মাছের প্রজনন ঘটে। পাহাড়ি ঢল, বৃষ্টিপাত, পানির ঘোলাভাব, তাপমাত্রা, স্রোত এবং অন্যান্য পরিবেশগত উপাদান এ প্রক্রিয়ায় ভূমিকা রাখে।
হালদার বিশেষত্ব হলো, –এখানে নদীর প্রাকৃতিক পরিবেশে মাছের ডিম সংগ্রহের একটি ঐতিহ্যবাহী ব্যবস্থা গড়ে উঠেছে। স্থানীয় ডিম সংগ্রহকারীরা নির্দিষ্ট সময়ে নদীতে মাছের ডিম সংগ্রহ করেন। পরে সেগুলোকে উপযুক্ত পরিবেশে ফুটিয়ে রেণু উৎপাদন করা হয়। এরপর রেণু পরিচর্যা করে পোনা বড় করা হয় এবং মাছচাষিদের কাছে সরবরাহ করা হয়।
হালদার পোনা দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্য খামারে ব্যবহৃত হয়। ফলে নদীটির সঙ্গে দেশের পুকুরভিত্তিক মাছচাষ, কর্মসংস্থান এবং মৎস্য উৎপাদনের একটি বিস্তৃত অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
গবেষকেরা হালদার মাছের জিনগত বৈচিত্র্য এবং পোনার বৈশিষ্ট্য নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এ কারণে নদীটিকে বাংলাদেশের দেশীয় কার্পজাতীয় মাছের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জিনগত সম্পদ হিসেবেও বিবেচনা করা হয়।
হালদা নদীর উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি সালদা গ্রামে। সেখানকার পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা ছড়ার নাম সালদা; স্থানীয় ব্যাখ্যা অনুযায়ী, এই নাম থেকেই হালদা নামের উৎপত্তি। তবে নামকরণের এ ব্যাখ্যাকে প্রামাণ্য ভাষাতাত্ত্বিক গবেষণায় আরও যাচাই করা যেতে পারে।
নদীটি ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম শহরের কাছাকাছি কালুরঘাট অঞ্চলের উত্তরে কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার (প্রবাহ ৮১ কিমি) এবং গড় প্রস্থ ১৩৪ মিটার। গড় গভীরতা ২১ ফুট এবং গভীরতম স্থানে ৩০ ফুট। ২০২০ সালের ২২ ডিসেম্বর সরকার হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদীগুলো শুধু জলপ্রবাহের উৎস নয়, বরং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। পাহাড়, সমতল, জনপদ ও কৃষিজমির বুক চিরে বয়ে চলা প্রতিটি নদীর রয়েছে নিজস্ব ইতিহাস ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। তেমনি চট্টগ্রামের হালদা নদী প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা তার জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ, প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বাংলাদেশের নদ–নদীর ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।
হালদা নদীর ইতিহাস চট্টগ্রামের জনবসতি, কৃষি, নৌযোগাযোগ ও নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। প্রাচীনকাল থেকে নদী ও জলপথ এ অঞ্চলের মানুষের যোগাযোগ, পণ্য পরিবহন এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হালদা নদী চট্টগ্রামের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নদীর তীরবর্তী জনপদগুলোতে মাছ ধরা ও ডিম সংগ্রহ, মাছের রেণু উৎপাদন ও বিক্রি, কৃষিকাজ ও সেচব্যবস্থা, নৌকা নির্মাণ ও মেরামতসহ নদীকেন্দ্রিক পেশা। নদীকে ঘিরে পর্যটন ও শিক্ষামূলক ভ্রমণসহ নদীর পানির ওপর নির্ভর করে গড়ে উঠেছে বহু মানুষের জীবন–জীবিকা।
প্রাকৃতিক ঐশ্বর্যে সমৃদ্ধ হলেও হালদা নদী নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, অপরিকল্পিত বালু উত্তোলন, দূষণ, নদীতীরের ক্ষয়, অবৈধ মাছ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এর বাস্তুতন্ত্রের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।
হালদাকে রক্ষা করা মানে শুধু একটি নদীকে রক্ষা করা নয়; বরং বাংলাদেশের দেশীয় মাছের প্রজনন, জীববৈচিত্র্য, স্থানীয় অর্থনীতি ও প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করা। গবেষক দল হালদার পানি দূষণের ১৩টি, বায়ু দূষণের ১১টি, মাটি দূষণের ১০টিসহ বিভিন্ন ধরনের দূষণের ৫৭টি উৎস শনাক্ত করেছেন। এর মধ্যে ২৯টি উৎস সরাসরি নদীর পানি দূষণের সাথে সম্পৃক্ত।
হালদা বেঁচে থাকলে বেঁচে থাকবে তার জীববৈচিত্র্য, সমৃদ্ধ হবে মৎস্যসম্পদ, টিকে থাকবে নদীকেন্দ্রিক জনজীবন ও ঐতিহ্য। তাই হালদা নদীকে রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের কাজ নয়; এটি আমাদের ইতিহাস, প্রকৃতি ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার অঙ্গীকার।
লেখক: প্রাবন্ধিক ও গবেষক।











