চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর বড় ছেলে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল হাশেম, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মেম্বার মফিজ, মো. পারভেজ, চৌধুরী হাসানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।











