বাঁশখালীতে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে তেলাপিয়া, রুইকাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের ইজারাদার। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে মৃত মাছ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার আমিন মোহাম্মদ সিকদার বাড়ির বড় পুকুরটি কয়েক বছর ধরে ইজারা নিয়ে মাছ চাষ করছেন এনামুল হক সিকদার। চলতি বছর ৮০ হাজার টাকায় পুকুরটি ইজারা নিয়ে প্রায় এক লাখ টাকা ব্যয়ে তিন মাস আগে ১৫০ শতক আয়তনের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন তিনি।

ইজারাদারের দাবি, পোনা ছাড়ার পর মাছের খাদ্য, শ্রমিকের মজুরি, ওষুধসহ অন্যান্য খাতে আরও প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। তিন মাসে মাছগুলো বিক্রির উপযোগী আকারে পৌঁছেছে। বর্তমানে মাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি।

এনামুল হক সিকদার বলেন, বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখি পানির রং অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে গেছে। পানিতে অসংখ্য মাছ মরে ভাসছে। প্রাথমিকভাবে ধারণা করছি, রাতের আঁধারে কেউ বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। দীর্ঘদিনের শ্রম ও প্রায় আড়াই লাখ টাকা বিনিয়োগের পর মাছগুলো যখন বিক্রির উপযোগী হচ্ছে, তখন এমন ঘটনায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ভারত সফর পারস্পরিক আস্থা অর্জনের পর : উপদেষ্টা হুমায়ুন কবির
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার বাজারজাত আড়াই লাখ টাকা জরিমানা