চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা বহদ্দারহাটে বর্তমানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। নিঃসন্দেহে এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। ইতোমধ্যে প্রকল্পের কিছু কাজ সম্পন্ন হলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে বহদ্দারহাট কাঁচা বাজারের সামনের ব্রিজটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। রাস্তা পারাপার, যান চলাচল এবং দৈনন্দিন যাতায়াতে সাধারণ মানুষকে অনেক ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। সকাল ও সন্ধ্যার সময় যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে, ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। কাদামাটি, ভাঙাচোরা রাস্তা ও অপরিকল্পিত যান চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। উন্নয়ন কাজ চলমান থাকলেও দীর্ঘসূত্রতার কারণে জনমনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষ উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়নকাজ যেন দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এটিও সকলের প্রত্যাশা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, বহদ্দারহাট কাঁচা বাজারের সামনের ব্রিজ নির্মাণসহ চট্টগ্রামে চলমান সকল জলাবদ্ধতা নিরসন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
জ্যোতিষ বড়ুয়া
ফরিদের পাড়া, চান্দঁগাও, চট্টগ্রাম।












