মানবজীবন দুর্লভ। সামাজিক অবক্ষয় ও অবিচার বেড়ে গেছে। নানা রকম ভাইরাসের সংক্রমণে মানুষ অসুস্থ হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে। আমরা দেখেও দেখি না। সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডের গতি কমে গেছে। নীতিবান মানুষ অবশ্যই সমাজে সম্মানিত। স্বীয় নীতি বজায় রেখে, হিংসা, নকলের প্রবণতা ও কটু ভাষা পরিহার করে, প্রীতি অটুট রেখে সুন্দর জীবনযাপন করলে সবার চোখে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত হওয়া যায়। একজন সৎ মানুষ নেতৃস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হতে পারেন। সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, পরোপকারিতা, পরমতসহিষ্ণুতা, ধৈর্যশীলতা, নিরহংকারিতা এবং অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীলতা–এসব গুণ মানুষকে মহৎ করে তোলে।
সময়কে কাজে লাগিয়ে প্রেরণাশীল ব্যক্তি হয়ে ওঠা বিরল ঘটনা নয়। অবাক লাগে না, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কী শুনেছে বা কী করবে! সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। খারাপ কিছু দেখলেই ভিডিও তৈরি করে। কিন্তু তাদের অনেকেই প্রতিবাদ করতে জানে না। তাই এসব ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সামাজিক কাজে যুক্ত হয়ে, সময়কে কাজে লাগিয়ে, আগে ভালো মানুষ হয়ে উঠতে হবে।
সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মনকে প্রশান্ত রাখা যায়। ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাঁরাই স্মরণীয় হয়ে থাকেন, যাঁরা আত্মহিতের চেয়ে পরহিতে বেশি তৎপর। যার মন সূর্যের মতো উজ্জ্বল, তার দৃষ্টিতে ছড়িয়ে পড়ে আলোর ধারা। আলোয় আলোয় জীবন পরিপূর্ণ হোক সবার।
মানবতা যখন হারিয়ে যায়, তখন নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতেও সংকোচ বোধ হয়। মানবিক সৌন্দর্যে ভরা আমাদের পৃথিবী আজ মৃতপ্রায়। অনলাইনে সবকিছুই যেন অর্থহীন হয়ে যাচ্ছে। আগের সেই সামাজিকতা আর নেই। কিছু মানুষকে ভিডিও তৈরি ও প্রচারের নেশায় পেয়ে বসেছে। চারপাশের নানা অসংগতি দেখেও অনেকে নীরব থাকে। আলোর মিছিল নেই বলে চারপাশকে গিলে খাচ্ছে চোরাবালি। চারদিকে হাহাকার, নিরাপদ নয় মানুষ।












