ধ্যানী হয়ে সাদা বক
সাধু সেজে রয়,
মাছে ভাবে, ভয় নাই,
ও যে দয়াময়।
কাছে ঘুরে পোনা মাছ
থাকে বক স্থির,
হঠাৎ সে দেয় হানা
ঠোঁট যেন তীর।
ছল বুঝে বড়ো মাছ
দূরে সরে যায়,
ফাঁকা ঠোঁটে সাদা বক
করে হায় হায়!
রেগেমেগে লাফ দিয়ে
পাঁকে পড়ে চুপ,
কাদা মাখা গায়ে আহা
বকের কী রূপ!
কোলা ব্যাঙ হেসে ওঠে
পুঁটি দেয় তালি,
নীড়ে এলে বক ছানা
বলে, ‘পেট খালি!’
বক বলে, ‘ভেক ধরে
পেয়েছি এ সাজা,
কাল থেকে ছল ছেড়ে
খাব মাছ তাজা।’








