ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী ৭ দিন ধরে নিখোঁজ

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির পিএইচডি কোর্সের দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির খোঁজ মেলেনি সাত দিনেও। তাদের সন্ধান না পাওয়ায় গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ। ফ্লোরিডা স্টেট ও ফেডারেল প্রশাসনের নিখোঁজ ব্যক্তিদের ডেটাবেজেও দুজনের নাম ও ছবি যুক্ত করা হয়েছে।

২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টি পরস্পরের বন্ধু। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এসে তারা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর বিডিনিউজের।

বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন টেলিফোনে বলেন, পরিবারের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর তাদের জানানো হয় ১৭ এপ্রিল বিকালে। আগের ২৪ ঘণ্টা কাউকে ফোনে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন হয়ে বাংলাদেশ থেকে তারা দুজনের সন্ধান চান। এরপর আমরা সম্ভাব্য সকল পর্যায়ে চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাইনি।

ল্যারি ম্যাককিনন বলেন, লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার পেছনে কোনো ধরনের অপরাধের আলামতও পুলিশ এখনো পায়নি। তবে গোয়েন্দারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ অবলম্বন হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করে সর্বসাধারণের সহায়তা চাওয়ার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা।

ইতোমধ্যে দুজনের ছবি সম্বলিত পোস্টার বিতরণ করার কথা জানিয়ে তিনি বলেন, তাদের স্বজনদের মত তাদের বন্ধুবান্ধব ও সহপাঠীরাও বিচলিত। আমরা এটা মনে করছি না যে, তারা ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। আমরা ইমিগ্রেশন ডিপার্টমেন্টেও যোগাযোগ করেছি। আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) জানিয়েছে, লিমন ও বৃষ্টিকে বহিষ্কারের জন্যে গ্রেপ্তারের কোনো তথ্য তাদের কাছে নেই।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে ফ্লোরিডার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক সাড়ে চার বছরের। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও দ্বিমত নেই। তবে উচ্চ শিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চান।

লিমন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পিএইচডি করছেন। ১৬ এপ্রিল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন টেম্পা সিটির বাসায় তাকে সর্বশেষ দেখা গেছে। ওইদিন সকাল ১০টায় বৃষ্টিকে সর্বশেষ দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের টেম্পা ক্যাম্পাসে। তিনি কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

লিমন ও বৃষ্টির নিখোঁজ সংবাদে পুরো আমেরিকায় বাংলাদেশি কম্যুনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমও তাদের নিখোঁজ হওয়ার খবর প্রচার করছে। তাদের কোনো সন্ধান পেলে ৮১৩৯৭৪২৬২৮ নম্বরে ফ্লোরিডা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে টেক্সি-টেম্পো মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধএনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, বাকি সবার বৈধ