মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেছেন, ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তার একটি মাধ্যম নয়, এটি সাধারণ মানুষের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র পরিবারগুলোর দৈনন্দিন জীবনে স্বস্তি আসবে এবং একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনের পথ আরও সুগম হবে।
গতকাল শনিবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া যাবে না।
প্রকৃত উপকারভোগী যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










