হচ্ছার ঘাটে নির্মাণাধীন ব্রিজের নাম হবে সালাউদ্দিন কাদের চৌধুরী সেতু

সমাবেশে গিয়াস কাদের চৌধুরী ও সরোয়ার আলমগীর

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

সর্তা খালের উপর রাউজান–ফটিকছড়ি উপজেলার সংযোগস্থল রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকায় নির্মাণাধীন ব্রিজটির নতুন নামকরণ করা হচ্ছে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সেতু। গতকাল শনিবার বিকালে ব্রিজ এলাকায় হলদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে যৌথভাবে এই ঘোষণা দেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান–ফটিকছড়ির মানুষ সেকাল থেকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই ব্রিজের মাধ্যমে পাশাপাশি দুই উপজেলার মানুষ একই পরিবারভুক্ত হয়ে থাকবে। আমি আশা করি আগামী জুনে এই ব্রিজ দিয়ে আমরা দুইজন (এমপি) একসাথে গাড়ি নিয়ে ফটিকছড়িতে যেতে পারব।

সভাপতির বক্তব্যে ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, হচ্ছার ঘাটে ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। হচ্ছার ঘাটের এই ব্রিজের মাধ্যমে তার স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। এটি হবে দুই উপজেলার মানুষের সেতুবন্ধন। সমাবেশে দুই এমপি নির্মাণাধীন ব্রিজটির নাম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সেতু নামকরণের ঘোষণা দেন।

বিএনপি নেতা মহিউদ্দিন জীবন ও খোরশেদ আলম জিকুর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এম হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব ফিরোজ আহমদ, কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জে এ এম ইকবাল হাসান, রাউজান উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান মজুমদার।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুছলেহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা যুবদলের সহ সভপতি মোজাম্মেল হক, সাবের সুলতান কাজল, সৈয়দ কামাল উদ্দিন, এস এম ইউসুফ, আব্দুল মান্নান, তসলিম উদ্দিন, যুবদলের শাহাজান শাহিল, ফটিকছড়ি কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, আবুল কাসেম, আজিজুল্লাহ, মো. আশরাফ, ইউসুফ তালুকদার, একরাম মিয়া, মোহাম্মদ আলী সুমন, আহ্বায়ক মাস্টার হুসাইন আলমগীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআমাদেরও নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করতে হবে