শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকানকে ‘কীর্তিমান সম্মাননা–২০২৬’ প্রদান করেছে হাটহাজারীর ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা–২০২৬’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও সাতজনকে কীর্তিমান সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি জাতি ও দেশের জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আগ্রাসনের ধরন যখন পরিবর্তিত হয়েছে, তখন আমাদেরও নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত সাংস্কৃতিক চর্চা, অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা। কারণ, কোনো শিল্প বা সংস্কৃতিই যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া বিকশিত হতে পারে না।
চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, আপনারা যে নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আমাদের সমাজে সুস্থ সাংস্কৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু–কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের এই আয়োজন সেই চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন, যিশু বণিক, কল্যাণ পাল ও বিপ্লব পাল।
স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী সিদ্দিক হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি তড়িৎ দাশ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আজিজ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










