বিশ্বকাপে এবার শীর্ষ ফেভারিটদের তালিকায় নেই ব্রাজিল। শীর্ষ কাতার থেকে নিজেদেরকে দলকে এক ধাপ পেছনে দেখছেন কাসেমিরোও। তবে সেটিকেই তিনি মানছেন প্রেরণা। অভিজ্ঞ মিডফিল্ডারের বিশ্বাস, ফেভারিট না হওয়াতেই নিজেদেরকে প্রমাণে আরও বেশি মুখিয়ে থাকবে দল। একসময় বলা হতো, বিশ্বকাপে রানার্স আপ হওয়াটাও ব্রাজিলের জন্য বাজে ফলাফল। সেসব এখন শুধুই সোনালি দিনের গল্প। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হলেই বরং অবাক হবেন অনেকে। খবর বিডিনিউজের।
রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শিরোপার স্বাদ পাচ্ছে না গত ২৪ বছর ধরে। এবারও বাজির দরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ বিশ্বকাপ বিজয়ী ও গতবারের রানার্স আপ ফ্রান্স এবং ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে ব্রাজিল। বিশ্বকাপ অভিযানে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফা মিডিয়া চ্যানেলকে কাসেমিরো বললেন, পিছিয়ে থাকাটাই দলকে সহায়তা করতে জ্বলে উঠতে। আমরা বড় ফেভারিট নই। তবে আমরা ভালো অবস্থায় আছি; আমাদের দল শক্তিশালী, যেখানে অভিজ্ঞ এবং তরুণ প্রতিভার মিশ্রণ রয়েছে। হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু এটিই আমাদেরকে সতর্ক রাখবে এবং এটা সবসময়ই একটা ভালো ব্যাপার। আমরা ভালো অবস্থায় সেখানে যেতে চাই এবং একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলতে চাই।
গত এক–দেড় বছরে বেশ কিছু পালাবদলের মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিলের ফুটবল ও জাতীয় দলকে। এখনকার কোচ কার্লো আনচেলত্তির দায়িত্বও খুব বেশি সময়ের নয়। এসব বাস্তবতা তুলে ধরলেন কাসেমিরো। তবে সবকিছুর পরও বিশ্বকাপে ভালো করার প্রত্যয় এই মিডফিল্ডারের কণ্ঠে। তিনি বলেন, কোচ পরিবর্তন, প্রেসিডেন্ট পরিবর্তন এবং অনেক অস্থিরতার কারণে কঠিন সময় পার হতে হয়েছে আমাদের। এই কোচের সঙ্গে আমরা মাত্র এক বছর কাজ করেছি। ফুটবলে তার অভিজ্ঞতা দারুণ, কিন্তু বাস্তবে আমরা একসঙ্গে মাত্র ৪০ দিন কাজ করেছি। তবে আমি মনে করি, আমরা দুর্দান্ত ফর্মে থেকে টুর্নামেন্টে নামব। আমাদের দলে মানসম্পন্ন ফুটবলার, অভিজ্ঞ ফুটবলার, উদ্যমী ফুটবলার এবং তরুণ ফুটবলার রয়েছে। আমি মনে করি, এই প্রতিযোগিতার জন্য আমাদের একটি ভালো মিশ্রণ আছে।
১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।











