ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের নতুন নাট্য প্রযোজনা ওয়াজদি মৌয়াদের নাটক ‘ফরেস্টস’। নাটকটির ৩য় ও ৪র্থ মঞ্চায়ন হবে আগামীকাল ১৯ জুন ও ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মঞ্চে।
নাটকের কেন্দ্রে আছে ল্যুপ নামের এক তরুণী, যার মা এ্যইমি রহস্যময় ব্রেইন টিউমারে মারা যান। ল্যুপ জানতে পারে তার মায়ের মস্তিষ্কের কেন্দ্রে এমন একটি টিউমার আছে, যা হাড় সদৃশ এবং এটি মিলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে কনসেনট্র্রেশন ক্যাম্পে নিহত অন্য এক তরুণীর খুলির টুকরোর সাথে। শুরু হয় সময়ের উল্টো পথে যাত্রা। আধুনিক কানাডা থেকে শুরু হয়ে এই যাত্রা ধীরে ধীরে উন্মোচন করতে থাকে ল্যুপের বংশপরিচয়, তার সাথে সাত প্রজন্মের দেড় শতাব্দীর ইতিহাস। ফ্রাঙ্কো–প্রুশিয়ান যুদ্ধ থেকে শুরু হয়ে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতা। আর নারীদের সাথে হয়ে আসা কাল বা যুগের চিরন্তন অবমাননার গল্প।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, মাহবুবা আক্তার মিলি, অমিতা বড়ুয়া, অরুণা দত্ত, জ্যোতির্ময় বড়ুয়া, হৃদয় দেব, ইনান ইলহাম, সালমা জাহান, সপ্রতিভ দাশ, চৈতী সাহা, আদিত্য দাশ, অর্ণি বণিক, ভাস্কর রায়, আফসানা মিমি ও আরিয়ানা হক রোদেলা। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফেইম পরিচালক অসীম দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












