ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ আগামী ২৭ ও ২৮ নভেম্বর ‘অন্তিগঁ’ নাটকের নবমঞ্চায়ন করবে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুদিনে প্রযোজনাটির ৪টি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। দুদিনই বিকাল ৪.৪৫ ও সন্ধ্যা ৭.১৫টায় দুটি করে মঞ্চায়ন হবে।
জ্যঁ আনুঈর এই ট্র্যাজেডিতে দেখা যায় ক্ষমতা ও বিশ্বাসের দ্বন্দ্ব। সম্রাট ক্রেঁয় ও সরল অন্তিগঁ দুজনেরই নিজস্ব চিন্তা ও বিশ্বাসের তর্কে নাটকের পর্যায়গুলো একে একে এগোতে থাকে। যুক্তির দোলাচালে দর্শককে খুঁজে নিতে হয় পথ।
এটি ফেইম নাট্যকলা বিভাগের ৩য় প্রযোজনা। ২০০৪ সালের এই প্রযোজনাটি ২০০৮ সালের পর নতুনভাবে মঞ্চে এনেছে ফেইম। সফোক্লেসের ক্লাসিক্যাল গ্রিক ট্র্যাজেডি ‘আন্তিগোনে’ অবলম্বনে জ্যঁ আনুঈ নাটকটির আধুনিক রূপান্তর করেন ১৯৪২ সালে। অনুবাদক চিত্তরঞ্জন ঘোষ, অধ্যাপক জিয়া হায়দার ও খায়রুল আলম সবুজের তিনটি অনুবাদ থেকে নাটকটি সম্পাদনা করা হয়েছে। নাটকটির সম্পাদনা, পরিকল্পনা ও নির্দেশনায় আছেন অসীম দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুবিদুর রহমান সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, রিফাহ তাসনিয়া অহনা, অর্চি অনিন্দিতা, আরিয়ানা হক রোদেলা, অরুণা দত্ত, জোতির্ময় বড়ুয়া, হৃদয় দেব, ইনান, ইলহাম, সপ্রতিভ দাশ, চৈতি সাহা ও অর্ণি বণিক। আবহ প্রক্ষেপণে রাজীব রায় চৌধুরী। সেট নির্মাণে আবদুল মালেক। ব্যবস্থাপনায় ফেইম পরিবার।
এদিকে ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় টিআইসি লেকচার হলে থাকছে ‘অন্তিগঁ’ নাটকের অভিনেতাদের নিয়ে দর্শকপর্ব ‘অ্যাক্টরস মিট’। নাট্যজন মুনীর হেলাল ও দীপঙ্কর দস্তিদারের সঞ্চালনায় এ আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্র্রেস বিজ্ঞপ্তি।











