ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনের লড়াইয়ে চ্যালেঞ্জ জানাবেন ফ্রান্স ও জাপান ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো ও কোজো তাশিমা। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে যাচ্ছেন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছিলেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ডিয়ালো সোমবার নিজের প্রার্থিতা ঘোষণা করেন। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সদস্য দেশগুলোর সমর্থন রয়েছে তাঁর প্রতি। চলতি মাসের শুরুতে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন তাশিমা। বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এক বিবৃতিতে ফিফা জানায়, ‘প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই এবং তাঁদের প্রার্থিতা অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে’। ‘প্রস্তাবিত ও অনুমোদিত প্রার্থীদের নাম ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে জানানো হবে।’









