পটিয়ায় ডেইরি ফার্ম থেকে ম্যানেজারকে মারধর করে সিএনজি টেক্সিতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে খরনা রেলস্টেশন এলাকার একটি দোকান থেকে ম্যানেজার মো. আনোয়ার হোসেন (৪৫) কে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় প্রবাসী আবদুল আজিজের মালিকানাধীন গ্রীণ এগ্রো ফার্মের ম্যানেজার। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী রানু আক্তার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বেলাল উদ্দিন মিন্টু নামে এক ব্যক্তি আরও তিনজনকে সঙ্গে নিয়ে একটি অনটেস্ট সিএনজিযোগে গ্রীণ এগ্রো ফার্মে যান। সেখানে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে তার স্বামীকে মারধর করে জোরপূর্বক সিএনজি টেক্সিতে তুলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই খরনা রেলস্টেশন এলাকার একটি দোকান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাকে থানায় নেওয়া হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকা–পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে খরনা এলাকা থেকে তাকে উদ্ধার করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।












