খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চালের দোকানে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মা–মনি এন্টারপ্রাইজের মালিক মো. আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু জানান, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলীর দোকানে গুচ্ছগ্রামের সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদ করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই দোকানে থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করা হয়। এ ঘটনায় মা মনি এন্টারপ্রাইজের মালিক মো. আইয়ুব আলীকে ২০২৪ সালের খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইনের ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদের জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।









