থাইল্যান্ডে অনুষ্ঠিত সেপাকটাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ফটিকছড়ির কৃতি শিক্ষার্থী পূর্ণা বড়ুয়া এবং তার প্রশিক্ষক রুবেল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, পরিচালনা পর্ষদ ও সহস্রাধিক শিক্ষার্থী পুষ্পবৃষ্টি ও হর্ষধ্বনির মাধ্যমে বিজয়ীদের বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন পূর্ণা বড়ুয়া ও রুবেল হাসানের সাফল্য কেবল ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলের নয়, এটা পুরো বাংলাদেশের সাফল্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ীদের বিশেষ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা, সেপাকটাকরো এসোসিয়েশনের নির্বাহী সদস্য লুৎফুল করিম সোহেল, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্ল্যা মুনির।













