ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। গত মঙ্গলবার রাতে র্যাব–৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্র জানায়, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি ঝোপঝাড়ের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে গোপালঘাটা গ্রামের মেইন গেট থেকে প্রায় ১০০ গজ উত্তরে পাকা রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে একটি কালো রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান পাওয়া যায়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব–৭ সূত্রে জানা গেছে।












