ফটিকছড়িতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ মিছিল বের করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটির নেতৃত্বে যুবলীগ নেতা নুরুল করিম ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, জুমার নামাজের সময় মিছিলটি হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকা নুরুল করিমকে ধরতে এর আগেও অভিযান চালানো হয়েছে। ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে পুলিশ অভিযান চালাচ্ছে।











