জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। প্রধানমন্ত্রীর প্রত্যাশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রষ্ট্রীয় সকল সংস্থাকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রচারই প্রসার। প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সরকারি আইনি সেবা পৌঁছে দিতে হবে। এর জন্য প্রচারের বিকল্প নেই। এর জন্য জেলা লিগ্যাল এইড কমিটি উদ্যোগ নিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ৯ম মাসিক সভায় এসব কথা বলেন তিনি। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ সিনিয়র জেলা জজ মুরাদ–এ মাওলা সোহেল, নবনিযুক্ত বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল–নাসীফ, ভারপ্রাপ্ত নেজারত ইনচার্জ ব্যারিস্টার শাহনেওয়াজ মনির, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত সরকার, সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, কাউন্সিলর নাজমুল হক ডিউক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহ–পরিচালক দিলরুবা বেগম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঞা, ব্লাস্ট এর সমন্বয়কারী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের সদস্য ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
সভায় নবনিযুক্ত বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাজী শহিদুল ইসলামকে বরণ করে নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।














