প্রাণিসম্পদ গবেষণায় জাতীয় পদক পাচ্ছেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন কবির

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬–এর জন্য মনোনীত হয়েছেন সিভাসু’র অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবির। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করার কথা রয়েছে। বাংলাদেশে ছানা ও পনির উৎপাদনের পর বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, যা পরিবেশ দূষণ ও মূল্যবান সম্পদের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এ সমস্যা সমাধানে অধ্যাপক ড. এ কে এম হুমায়ুন কবিরের নেতৃত্বে গবেষকেরা ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ গাঁজনকৃত পানীয় তৈরি করা হয়েছে। ২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ুন কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর একক–লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস : নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চশিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক মহলে পরিচিতি পেয়েছে। তাঁর এই অর্জন প্রসঙ্গে সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সমুন্নত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ইউনিলিভারের সিএফও জিনিয়া