অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রণতি সেনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলালের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। প্রধান অতিথি বলেন, প্রণতি সেন জীবনের সিংহভাগ শিক্ষকতার পেশায় কাটিয়েছেন। ঐতিহ্যবাহী অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৭ বছর শুধু প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিশ্রম, কর্মনিষ্ঠা সততার গুণে অপর্ণাচরণ ব্রিটিশ পাকিস্তান ও বাংলাদেশ আমলে চট্টগ্রামের অনন্য সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্রী বাসনা হোড়, লুৎফুন্নাহার চৌধুরী, জোৎস্না কায়সার, প্রভা রাণী, লেখক ফারহানা ইসলাম রুহি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানী। স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক শর্মিষ্টা দত্ত। সহকারী শিক্ষক গৌরী দাস ও বিজয় লক্ষ্মীর সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্যে আবু তালেব বেলাল বলেন,অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শত বছর উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, আমার আড়াই বছরে আমার পূর্বসুরী প্রণতি সেনসহ সকলের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেছি। ইতোমধ্যে মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহযোগিতায় ও নেতৃত্বে এ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সংষ্কার, ভিতরে ও বাইরের পরিবেশ সুরক্ষার কাজ চলছে। সভার শুরুতে প্রয়াত প্রণতি সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথি ও শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











