বিষপান করার পর বড় ভাইয়ের কাছে গিয়ে মাফ চেয়েছিলেন ছোট ভাই মোহাম্মদ পারভেজ (২৮)। তবে শেষ রক্ষা হয়নি, বিষের তীব্রতায় অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত পারভেজ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির মোহাম্মদ আলম সওদাগরের ছেলে। গত ৭ জুন সে বিষ পান করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিষপানের পরপরই পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে ছুটে যান। সেখানে গিয়ে আকুতি স্বরে বলেন, আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি। এই কথা বলার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, সমপ্রতি পারভেজের নতুন বিয়ে হয়েছিল। কিন্তু কিছুদিন আগে তার স্ত্রী অন্যত্র চলে যান। এই ঘটনার পর থেকেই পারভেজ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন এবং চরম হতাশায় ভুগছিলেন। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পারভেজ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। কীটনাশক খাওয়ার পর পরিবারের সদস্যরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। লাশ বর্তমানে পাঁচলাইশ থানায় রয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হলে সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।











