চট্টগ্রামে মঞ্চস্থ হয়েছে পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা ‘স্বপ্নে হারাই অচিনপুর’। গতকাল সোমবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠন এই আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে। শিশু শিল্পীদের অংশগ্রহণে প্রমার আবৃত্তিসন্ধ্যা শিরোনামে ‘স্বপ্নে হারাই অচিনপুর’ প্রযোজনার ৭ ম মঞ্চায়ন।
প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান সূচনা বক্তব্য দেন। কালজয়ী সাহিত্যিক দক্ষিণা রঞ্জন মিত্রের লাল কমল ও নীল কমল গল্প অবলম্বনে ৪৫ মিনিটের এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী তৃষিতা চৌধুরী। প্রযোজনার মঞ্চ ও আলোক পরিকল্পনা করেন বাপ্পা চৌধুরী ও তবলায় সহায়তা করেন রানা বড়ুয়া। প্রযোজনায় অর্ধশত শিশুশিল্পী অংশ গ্রহণ করেন। আমন্ত্রিত আবৃত্তি দল হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন। আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের গ্রন্থনা ও সঞ্জয় পালের নির্দেশনায় বোধন পরিবেশন করেন ‘হাসির সুতোয় বোনা।’ প্রমা সভাপতি রাশেদ হাসান বলেন, দক্ষিণারঞ্জন মিত্রের ‘ঠাকুমার ঝুলি’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সেখান থেকে ‘লাল কমল নীল কমল’ গল্প নেয়া হয়েছে। যেখানে ন্যায়ের জয় হয়েছে, অন্যায় পরাজিত হয়েছে। যেখানে মানবিকতার কথা বারবার এসেছে। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, একক, দলীয় পরিবেশনার পাশাপাশি আমরা মাঝে মাঝে পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা নির্মাণ করে মঞ্চায়ন করে থাকি। লাল কমল ও নীল কমল আমাদের তেমন একটা পূর্ণাঙ্গ প্রযোজনা। প্রযোজনা নির্দেশক তৃষিতা চৌধুরী বলেন, ছোটবেলা থেকে নানী, দাদির কাছে নানান রকম রূপকথার গল্প শুনে আমরা বড়ো হয়েছি। কিন্তু আজকের শিশুরা সেই সুযোগ পাচ্ছে না। তাদের মধ্যে বাংলা সাহিত্যের কালজয়ী রূপকথার গল্প উপস্থাপন এবং রূপকথার মানবিক দিকগুলো উপস্থাপনের সুযোগ পেয়েছি এই প্রযোজনার নির্দেশনা দিতে গিয়ে। প্রেস বিজ্ঞপ্তি।









