প্রতিষ্ঠার ৫২ বছর পর খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্স চালুর অনুমোদন

সমির মল্লিক, খাগড়াছড়ি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার ৫২ বছর পর খাগড়াছড়ি সরকারি কলেজে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে কলেজটিতে নতুন করে সমাজবিজ্ঞান ও বাংলা বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালুরও অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত জেলার প্রধান বিদ্যাপিঠ খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্স কোর্স না থাকায় অর্নাস ,ডিগ্রি পাশ করার পর শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাঙামাটি বা চট্টগ্রামে গিয়ে মাস্টার্স কোর্স সম্পন্ন করত।

বর্তমানে কলেজটিতে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, আবাসন সমস্যা, শিক্ষার্থীদের হোস্টেল সংকটসহ নানা সমস্যার জর্জরিত পাহাড়ি জনপদের উচ্চশিক্ষায় সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।

গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সরকারি কলেজের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবি ওঠে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির পর অনুষ্ঠানে উপস্থিত খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল মাস্টার্স কোর্স চালু করা। গত ১০–১২ দিন আগে কলেজের নবীন বরণ অনুষ্ঠানে মাস্টার্স কোর্স চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম। এরপরই মন্ত্রণালয়ে যোগাযোগ করে আমরা খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্সে তিনটি সাবজেক্টে অনুমোদন নিয়েছি। আমাদের সরকারের বা আমাদের যে অঙ্গীকার মানুষের শিক্ষাকে উন্নত করা। এটা তারই অংশ। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করবে। পাহাড়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন বলেন, প্রতিষ্ঠার ৫২ বছর পর ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম ও শেষ পর্ব চালুর অনুমোদন হয়েছে। মূলত স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় কোর্স চালু প্রাথমিক অনুমোদন দিয়েছি। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় কোর্স চালুর জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী এক বছরের মধ্যে মাস্টার্সে পাঠদান শুরু হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে অর্নাস কোর্সে পাঠদান শুরু হবে। এর মধ্য দিয়ে খাগড়াছড়িতে অর্নাস পাশ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হরিহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ
পরবর্তী নিবন্ধচবি ভূগোল বিভাগে প্রশিক্ষণ কর্মশালা শুরু