পোর্টেটের আয়োজনে বিশেষ সম্মাননা

ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি প্রেস ক্লাবে আলোকচিত্র বিষয়ক সংগঠন পোর্ট্রেটের উদ্যোগে দুই দিনব্যাপী আলোকচিত্র বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই শতাব্দীর পথ পেরিয়ে ফটোগ্রাফি আজ শুধু ছবি তোলার প্রযুক্তি নয়; এটি ইতিহাস সংরক্ষণের একটি শক্তিশালী মাধ্যম। একটি ছবি কখনো একটি মুহূর্তকে ধরে রাখে, কখনো একটি সময়ের গল্প বলে, আবার কখনো মানুষের আনন্দ বেদনা, প্রকৃতি ও সমাজের বাস্তবতাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে ফটোগ্রাফিও বদলেছে। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, একজন ফটোগ্রাফারের সবচেয়ে বড় শক্তি হলো দেখার চোখ, সঠিক মুহূর্তকে অনুভব করার ক্ষমতা এবং গল্প বলার দক্ষতা। একজন ফটোগ্রাফার শুধু ছবি তোলেন না; তিনি সময়কে ধরে রাখেন, ইতিহাসের সাক্ষী হন এবং সমাজের অদেখা গল্পগুলো মানুষের সামনে তুলে ধরেন। ফটোগ্রাফির আগামী দিন হোক আরও সৃজনশীল, আরও মানবিক এবং সত্য ও সৌন্দর্যের অনুসন্ধানে নিবেদিত। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বেএতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ। বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, অনুষ্ঠানের আহ্বায়ক বুলবুল আহমেদ, লায়ন পিযূষ তালুকদার। অনুষ্ঠানে আলোকচিত্র সাংবাদিক সুপ্রিয় চাকমা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, আলোকচিত্র সাংবাদিক এমএ বশারকে সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলার এনসিপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল তৈরি করতে হবে