তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের ৩ দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প সম্পন্ন হয়েছে। ৩০ মে থেকে ১ জুন পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে স্কাউটিংয়ের মৌলিক শিক্ষা থেকে শুরু করে নেতৃত্ব বিকাশ, প্রাথমিক চিকিৎসা, দড়ির কাজ, প্রজেক্ট নির্মাণ, হাইকিং এবং ক্যাম্প ফায়ারসহ বিভিন্ন বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বার্ষিক এই ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা শুধু তাত্ত্বিক জ্ঞানই অর্জন করেনি, বরং দলগত জীবন, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ, সময় ব্যবস্থাপনা এবং সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ দক্ষতাও হাতে–কলমে শিখেছে। স্কাউটিংয়ের মূল লক্ষ্য অনুযায়ী সদস্যদের চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে ক্যাম্পের প্রতিটি কার্যক্রম সাজানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সহ–সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রুপ সভাপতি জাকের আহমদ।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ক্যাম্প ফায়ার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। সমাপনী দিনে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম এবং নুর–আয়েশা খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. ইসমাইল খাঁন।তিনদিনব্যাপী এই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজের প্রভাষক মো. বোরহান উদ্দিন, চট্টগ্রামের স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি লাবীব মোহাম্মদ তক্কী, ইউনিট লিডার রোকন উদ্দিন ওয়ারেসী এবং পারকী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. মনজুরুল কবির।












