চবিতে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা শুরু ৫ জুন

চবি প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৫ ও ৬ জুন ‘৪র্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’। গতকাল মঙ্গলবার চবি সাংবাদিক সমিতির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দুই দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। সেখান থেকে বাছাই শেষে ১৬টি দল মৌখিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতাটি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাস্টিস এহসানুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি রেজাউল করিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলফোরকান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জেলা ও দায়রা জজ আই.এস.এম. ইসমাইল হোসেন উপস্থিত থাকবেন।

বিচারক ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বেলায়েত হোসেন, চবি এলএলএম অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শাহ মোহাম্মদ অ্যাজাদ রহমান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান। আয়োজকরা জানান, দেশের আইন শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের আইনি জ্ঞান, গবেষণা ও বিশ্লেষণ দক্ষতা এবং যুক্তিনির্ভর উপস্থাপনার সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি আইন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও আদালতভিত্তিক বিতর্ক দক্ষতা বৃদ্ধিতেও এ আয়োজন ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসসিএলএসের চেয়ারপার্সন সৌরভ চৌধুরী, সাধারণ সম্পাদক তাওসিফ মুত্তাকী চৌধুরী ও একাডেমিক সেক্রেটারি নাঈম রশিদ চৌধুরী। উপস্থিত ছিলেন সাব এক্সিকিউটিভ মেম্বার অদিতি দাস, সামিহা আফরিন আনজুম (মিডিয়া অ্যান্ড কর্পোরেট ব্র্যান্ডিং হেড) এবং আফরিন মম অর্থি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল
পরবর্তী নিবন্ধপেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প