পুলিশের শীর্ষ পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাদের মধ্যে সাতজন পুলিশ সুপার (এসপি) রয়েছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিএমপির উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার এবং সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার করা হয়েছে। মো. হাবিবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
মো. জসিম উদ্দিনকে ফেনীর পুলিশ সুপার এবং মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় সুপারনিউমারারি পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। অন্যদিকে, অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. সুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, ডিবি–দক্ষিণের ডিসি হিসেবে দায়িত্ব পালন শেষে পদোন্নতিজনিত কারণে অতিরিক্ত ডিআইজি পদে শেখ শরীফুল ইসলাম এবং বদলিজনিত কারণে ট্রাফিক–বন্দর বিভাগের ডিসি কবীর আহমেদ সিএমপি থেকে বিদায় নিয়েছেন।












