পুরস্কার যে কোন কাজের স্বীকৃতি এবং প্রেরণার চমৎকার উৎস। জীবনের প্রতিটি পুরস্কারই একটি সুন্দর স্মৃতি হিসেবে মানুষের হৃদয়ে চিরকাল অমিলন হয়ে থাকে। একজন যখন পুরস্কৃত হন তখন তিনি অন্যদের কাছে একটি ইতিবাচক উদাহরণ বা রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে থাকেন। চট্টগ্রাম একাডেমি কবি লেখক সাংবাদিক এবং আগামী প্রজন্মকে নানা কাজের মাধ্যমে উৎসাহিত করে চলেছে। গত ১৮এপ্রিল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান হয়ে গেল। গদ্য শাখায় ‘একলা মেঘের মেঘলা দুপুর’ গ্রন্থের লেখক আকাশ আহমেদ এবং পদ্য শাখায় ‘মেঘ ভেজা দিন একলা বাড়ি’ গ্রন্থের লেখক সুবর্ণা দাশ মুনমুন – এ পুরস্কারে ভূষিত হন। চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে আলোচক ছিলেন ড. আনোয়ারা আলম, দীপক বড়ুয়া ও মোহাম্মদ জহির। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কবি জিন্নাহ চৌধুরী, এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, বিপুল বড়ুয়া, জসিম উদ্দিন খান, কাসেম আলী রানা, কাঞ্চনা চক্রবর্তী, অমিত বড়ুয়া, অরুণ শীল, রেজাউল করিম স্বপন এবং নেছার আহমদ। পুরস্কারপ্রাপ্ত দুই লেখকের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ সম্মানী তুলে দেওয়া হয়। ধন্যবাদ বক্তব্য দেন বেতারব্যক্তিত্ব ফজল হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় বাচিকশিল্পী আয়েশা হক শিমু। বর্ণিল অনুষ্ঠান আয়োজনের জন্য চট্টগ্রাম একাডেমিকে জানাই ধন্যবাদ। জয় হোক সাহিত্যের।













