কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে নিজের নাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যাওয়ায় প্রশ্ন তুলেছেন রংপুর–১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। পরে সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য বণ্টন নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের আরেক সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রসিকতা করে বলেন, পাহাড়ে গেলে তো স্বাস্থ্য ভালো হয়। সেজন্যই পাহাড়ে দিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কয়েকটি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠনের পর পয়েন্ট অব অর্ডারে এ আলোচনা হয়। খবর বিডিনিউজের।এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রস্তাবে খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে সভাপতি করা হয়। সদস্যদের মধ্যে রংপুর–১ আসনের মো. রায়হান সিরাজীর নামও ছিল।
কমিটি পুনর্গঠনের পর রায়হান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, তিনি আগে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ছিলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটিতে তার নাম ছিল না। তিনি বলেন, মাননীয় চিফ হুইপ কমিটিগুলো ঘোষণা করার সময় যেটি মূলত পুনর্গঠনের কথা বলেছেন, উনি ওখানে একটি কথা বারবার প্রয়োগ করেছেন, কোনো সদস্যের পরিবর্তন হয়নি। এরপর রায়হান বলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক এই কমিটিতে আমার নাম ছিল না। কৃষি মন্ত্রণালয় বিষয়ক কমিটিতে আমার নাম ছিল।











