চট্টগ্রামের আনোয়ারার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারকি সমুদ্রসৈকতের প্রাকৃতিক গতি–প্রকৃতি দ্রুত বদলে যাচ্ছে। এতে করে ঝুঁকিতে পড়ছে সৈকতটি। একসময় যেখানে ছিল বিস্তীর্ণ বালুচর, লাল কাঁকড়ার বিচরণ, সারি সারি ঝাউগাছ, সেখানে এখন প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে জমেছে কাদা–পলির স্তর। গত ৫ বছরের বেশি সময় থেকে সৈকতের এই পরিবর্তন প্রকট আকার ধারণ করতে থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
স্থানীয়দের অভিযোগ, সৈকত এলাকা থেকে বালু উত্তোলন, সৈকত রক্ষাকারী ঝাউগাছ বিলীন, বেড়িবাঁধ কেটে পানি নিষ্কাশন, প্রাকৃতিক দুর্যোগ ও উপকূলীয় স্রোতের পরিবর্তনসহ নানা কারণে সৈকতের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এই সৈকতের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। পারকি সৈকতের যে অংশে আগে বালুর ওপর দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করা যেত, সেখানে এখন নরম কাদা ও পলিমাটির বিস্তৃতি। অথচ প্রায় দুই কিলোমিটার দূরের পরুয়াপাড়া এলাকায় স্বাভাবিক বালুচর ও ঢেউয়ের উপস্থিতি রয়েছে।
ভৌগোলিকভাবে পারকি সৈকত কর্ণফুলী নদীর মোহনার কাছাকাছি অবস্থিত। ফলে নদীবাহিত পলি পতেঙ্গা ও চট্টগ্রাম বন্দরসংলগ্ন মোহনা হয়ে জোয়ার–ভাটা এবং উপকূলীয় স্রোতের মাধ্যমে পারকির দিকে আসতে পারে। কোনো এলাকায় স্রোতের গতিবেগ কমে গেলে সূক্ষ্ম পলিকণা সেখানে জমে যায়। তবে পারকিতে সাম্প্রতিক পলি সঞ্চয়ের প্রকৃত কারণ ও উৎস নির্ধারণে বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন।
পারকি সৈকত ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম অভিযোগ করেন, বর্তমানে সৈকতের অদূরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের জমি ভরাটের জন্য ড্রেজার বসিয়ে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। তাঁর মতে, এ ধরনের বালু উত্তোলন সৈকতের বালিয়াড়ি ধ্বংসের অন্যতম কারণ।
তিনি বলেন, এর আগেও পর্যটন কমপ্লেঙের জমি ভরাটের জন্য সৈকত এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র বালু উত্তোলন করে ভরাট–বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তাঁর।
আবুল কাশেম আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্মিলিত প্রভাবে পারকির ঝাউবন এবং বিশাল বালুচর আজ কাদামাটির চরে পরিণত হচ্ছে। তিনি পরিবেশ অধিদপ্তর, পর্যটন করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত সরেজমিনে সৈকত পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আরাফাত খান আমু বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন ধরে পারকি সৈকত রক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু দেড় যুগেরও বেশি সময় ধরে সৈকত রক্ষার নামে উল্টো বালু উত্তোলন, দখল ও ভরাট কার্যক্রমের মাধ্যমে সৈকতকে ধ্বংস করা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, অতীতের মতো এখনও ড্রেজার বসিয়ে সৈকতের আশপাশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সৈকতের স্বাভাবিক বালুচর নষ্ট হচ্ছে। এখন সৈকতে নামলেই কাদা, স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও কঠিন। ফলে পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে। পাশাপাশি একটি চক্র বেড়িবাঁধ দখল করে সুবিধা নিচ্ছে বলেও তাঁর অভিযোগ।
আরাফাত খান আমু বলেন, দ্রুত সৈকত রক্ষার উদ্যোগ না নিলে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সও পর্যটকদের আকর্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। তিনি সৈকতকে দখল ও অবৈধ বালু উত্তোলনমুক্ত করে পরিকল্পিত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান। এদিকে, গত ১ থেকে ৩ নভেম্বর প্রকাশিত একাধিক সংবাদে পারকি সৈকতসংলগ্ন কর্ণফুলী নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক প্রকৌশলী বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলনের দাবি করেছেন। তবে উত্তোলনের পরিমাণ, অনুমোদিত এলাকার সীমানা এবং পরিবেশগত প্রভাব যাচাই করা জরুরি।
পারকি সৈকতের পরিবেশ পরিবর্তনের ইতিহাসে আটকে পড়া জাহাজের ঘটনাও রয়েছে। ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ‘ক্রিস্টাল গোল্ড’ নামের একটি জাহাজ সৈকতে আটকা পড়ে। দীর্ঘদিন সেখানে অবস্থান করায় প্রায় আধা কিলোমিটার এলাকায় পলি জমার খবর প্রকাশিত হয়েছিল।
অন্যদিকে, সৈকতের বিভিন্ন অংশে ঝাউগাছের গোড়ার বালু সরে গিয়ে অসংখ্য গাছ উপড়ে পড়েছে। আগে বালুচরে লাল কাঁকড়ার ব্যাপক বিচরণ দেখা গেলেও বর্তমানে ওই অংশে তাদের উপস্থিতি কমেছে। প্রায় দুই কিলোমিটার দূরের অপেক্ষাকৃত স্বাভাবিক বালুময় এলাকায় কাঁকড়ার বিচরণ দেখা যাচ্ছে। আবাসস্থল পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৈকতের কোথাও ভূমিক্ষয়, আবার কোথাও কাদা–পলি সঞ্চয়ের এই বিপরীত প্রক্রিয়া উপকূলীয় পরিবেশের ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এ অবস্থায় পারকি সৈকতের আশপাশের ৩ কিলোমিটার এলাকায় সমুদ্রস্রোত, পলি পরিবহন, বালু উত্তোলনের প্রভাব ও উপকূলীয় ভূমিক্ষয়ের কারণ নির্ধারণে সমন্বিত বৈজ্ঞানিক জরিপ প্রয়োজন। স্থানীয়দের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট সব সংস্থার যৌথ উদ্যোগে কার্যকর পদক্ষেপ না নিলে পারকি সৈকতের অবশিষ্ট বালুচর, ঝাউবন ও জীববৈচিত্র্য আরও বিপন্ন হতে পারে।
পুর প্রকৌশলী ও ভূমিকম্প প্রকৌশলী বিশেষজ্ঞ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পারকি সৈকতে এই সংকটের জন্য প্রধানত ৩ টি কারণ দেখছি। এর দুটি মানবসৃষ্ট ও একটি প্রাকৃতিক। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে মাটি আলগা হয়ে ঢেউয়ের তোড়ে সৈকতে উঠে যেতে পারে। আবার কর্ণফুলী নদী থেকে প্রতিদিন অপরিশোধিত বর্জ্য নামছে। সেগুলো ঢেউয়ের ধাক্কায় পারকি সৈকতে পলি স্তর তৈরি করতে পারে। সাগরের নীচে ভূমিকম্প হলে প্রাকৃতিক কারণে কাদা–মাটি চলে আসতে পারে। এর সমাধান হলো বেড়িবাঁধে চার কোণা ব্লকের পরিবর্তে ৩ কোণা ব্লক দেয়া, আর বেড়িবাঁধের সাথে উঁচু ওয়াকওয়ে বানানো। দক্ষিণ কোরিয়ায় এ ধরনের প্রচলন রয়েছে। ওয়াকওয়ের পর তিনকোণা ব্লক বসালে কাদা–মাটি এলেও তা আবার সাগরে ফিরে যেতে পারে।
স্থানীয়দের অভিযোগ, বিগত ১৫ বছর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সৈকত এলাকা থেকে বালি উত্তোলন করে পর্যটন কমপ্লেঙ, টানেল সার্ভিস এরিয়াসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভরাট কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বর্তমানে একই নীতি অনুসরণ করে বিএনপির এক অংশের শীর্ষ নেতারা বালু উত্তোলন করে যাচ্ছেন।
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (আনোয়ারা) উপ–বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক জানান, পারকি সমুদ্র সৈকত রক্ষায় ৫৪৮ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নযন বোর্ড। এ প্রকল্পের মাধ্যমে পারকি সৈকতের তীর সংরক্ষণ ছাড়াও সৈকত থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত টেকসই আধুনিক ব্লক বেড়িবাঁধ নির্মাণ করা হবে। যার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা পাবে পারকি। এছাড়া প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৫০ মিটার থেকে ১ দশমিক ৮০ মিটার পানি নিষ্কাশন অবকাঠামো ১৪ (২–ভেন্ট) নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয় এ প্রকল্পের মাধ্যমে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ হেক্টর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীরের মধ্যবর্তী উন্মুক্ত ভূমিতে সবুজ বনায়ন করে ঘন ঝাউবন সৃষ্টি করার পরিকল্পনা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া ৬ কোটি টাকা ব্যয়ে প্রায় পৌনে তিন কিলোমিটার সড়ক নির্মাণ পরিকল্পনা, তিন কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৬০০ কিলোমিটার সাপমারা খাল খনন, ১৪৩ কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও অফিস ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে। ইনশাআল্লাহ প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ হলে পারকি সৈকত আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে পর্যটকদের মাঝে ফিরে আসবে। দেশের অর্থনীতিতে এই সৈকত বড় ভূমিকা রাখবে। এবং পর্যটন সুবিধা অনেক গুণ বেড়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।











