পাথরঘাটায় যত্রতত্র ময়লা ফেলার দায়ে তিনজনকে জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

নগরের কোতায়ালী থানার পাথরঘাটা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, যত্রতত্র ময়লা ফেলা ও রাস্তায় নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে তিনজনকে ১১ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে ব্রিকফিল্ড ও আশরাফ আলী রোড সংলগ্ন বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান এবং নির্মাণাধীন ভবন সরাসরি পর্যবেক্ষণ করা হয়। এ সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি, বাসার নিচের নালায় জমাটবদ্ধ পানি জমা রাখা এবং যত্রতত্র ময়লাআবর্জনা ফেলার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়ের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে চসিকের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি