নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা বেষ্টনী বা ‘কিউ–লাইনার’ বুলডোজার দিয়ে সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে পার্কিংয়ের খুঁটি ও নিরাপত্তা কাঠামো সরিয়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই পাল্টা এ পদক্ষেপ নিলো নয়াদিল্লি। খবর বাংলানিউজের।
গত বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ সকালে বুলডোজার দিয়ে পাকিস্তান হাইকমিশনের সামনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাইকমিশনের সামনের এলাকায় ভাঙা রেলিং, ধাতব কাঠামো, প্লাস্টার, কংক্রিট ও ইট ছড়িয়ে রয়েছে। সেখানে টিনের শেড ও ধাতব বেড়ার অংশও দেখা যায়। তবে পাকিস্তান হাইকমিশনের মূল ভবন ও প্রধান প্রবেশপথ অক্ষত রয়েছে।
ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে এএনআই জানায়, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে স্থাপিত ‘কিউ–লাইনার’ সরিয়ে নেওয়া হয়েছে। এর কয়েক দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা পার্কিংয়ের খুঁটি সরিয়ে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।












