পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) শত শত নেতাকর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ। দেশটির উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে জরুরি অবস্থা জারির পর তাঁদের আটক করা হয়। খবর বাসসের।
সোমবার বার্তা সংস্থা এএফপিকে এতথ্য জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দুই কর্মকর্তা জানান, রোববার জরুরি অবস্থা ঘোষণার পর থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইমরান খানের দল পিটিআইয়ের ২৭৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। পিটিআই–শাসিত প্রদেশটিতে কয়েক দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। এসব বিক্ষোভে ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ওই অঞ্চলে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায়, জঙ্গি সহিংসতাও বাড়ছিল। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়। ইমরান খানের হাজার হাজার সমর্থক খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিক্ষোভ মিছিল করছেন। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট অসন্তোষ থেকেও তাঁরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী একসময় ক্রিকেট তারকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর দল পিটিআই রোববার জানায়, দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে জরুরি সাংবিধানিক ব্যবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে বলেন, আফ্রিদিকে তাঁর সরকারি বাসভবনে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হয়েছিল। পরে তাঁকে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়। নতুন অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশটি পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।












