ভোরের কনকনে হিমেল হাওয়া ইতোমধ্যেই শীতের আগমনীর জানান দিয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শীতের অনূভূতি একটু বেশি। ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণি বিতান সবখানে এখন ব্যবসায়ীরা শীতের কাপড়ের পসরা সাজিয়ে রেখেছেন।
ব্যবসায়ীরা জানান, সাধারণত মার্কেটে ঈদ এবং শীত মৌসুমের ওপর ব্যবসায়ীদের পুরো বছরের বেচাকেনা অনেকাংশে নির্ভর করে। নগরীতে শীত এখনো ওই অর্থে শুরু হয়নি। তবে বিভিন্ন উপজেলা থেকে পাইকারী ও খুচরা ক্রেতা শীতের কাপড় কিনতে ছুটে আসছেন। আমাদের দেশে সাধারণত নভেম্বরের শেষের দিক থেকে শীত মৌসুম শুরু হয়। ডিসেম্বর–জানুয়ারিতে শীতের মাত্রা থাকে খুব বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পর্যায়ক্র শীতের মাত্রা কমতে থাকে।
গতকাল নগরীর নিউমার্কেট বিপণি বিতান, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট, তামাকুমন্ডি লেইন ও রেয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দোকান ও শো–রুমের কর্মচারীরা শীতের কাপড় থরেথরে সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া ক্রেতারাও এসে পছন্দের পণ্যটি দরদাম করছেন। পছন্দ হলেই কিনে নিয়ে বাড়ির দিকে পা বাড়াতে দেখা যায় তাদের। বিক্রেতা ইমাম হোসেন বলেন, শীত এখনো সেভাবে শুরু হয়নি। তাই খুচরা বিক্রির চেয়ে পাইকারী বিক্রি বেশি এখন। বিভিন্ন উপজেলা থেকে দোকানিরা এসে শীতের কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। জহুর মার্কেটে আসা ক্রেতা ফৌজিয়া সুলতানা বলেন, শীতের সুয়েটার কিনতে এসেছি। শীত যদিও এখনো শুরু হয়নি। তবে মার্কেটগুলোতে প্রথমদিকে ভালো ভালো কিছু কালেকশন থাকে, তাই মূলত আসা।
ব্যবসায়ীরা জানান, মার্কেটে চীনা তৈরি ব্লেজার বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়। এছাড়া চামড়ার তৈরি জ্যাকেট সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার টাকা। অন্যদিকে চীনা কম্বল আকারভেদে আড়াই হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় শাল ও চাদর বিক্রি করছেন ৫০০ থেকে ৮০০ টাকায়। বিদেশি ভালো মানের শাল চাদরের দাম পড়ছে ৮০০ টাকা থেকো সাড়ে ৩ হাজার টাকার মধ্যে। ভালো মানের সুয়েটার বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে ৪ হাজার টাকায় এবং উলের তৈরি সোয়েটার বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১ হাজার টাকায়।
জহুর হকার্স মার্কেটে ফুটপাত থেকে শীতের কাপড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আগ্রাবাদ এলাকার তরুণী মাহমুদা আকতার। তিনি জানান, এখন গরমের বিদায় এবং শীতের আগমনীর সন্ধিক্ষণে আছি আমরা। তাই সকালে শীত দুপুরের দিকে গরম এবং ভোর রাতের দিকে শীতের অনূভূতি হচ্ছে। ডিসেম্বরের দিকে শীত বাড়তে পারে। যখন শীত বাড়ে, তখন ক্রেতাদের আনাগোনা ও ভিড় বেড়ে যায়, তাই আগে থেকে শীতের কাপড় কিনতে চলে আসলাম।
ফুটপাতের বিক্রেতা দিদারুল আলম বলেন, জহুর হকার্স মাকেটের অলিদ ফ্যাশনের স্বত্বাধিকারী এম এম ইলিয়াছ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, শীত মৌসুমকে কেন্দ্র করে মার্কেটের ব্যবসায়ীরা শীতের দারুণ সব সংগ্রহ নিয়ে এসেছেন। সামনে আরো ভালো ভালো কালেকশন আসবে। তবে এখনো বেচাবিক্রি এখনো সেভাবে শুরু হয়নি।
তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দৈনিক আজাদীকে বলেন, আমাদের মার্কেটে পাইকারী ও খুচরা দুইভাবে বিক্রি হয়। বর্তমানে পাইকারী বিক্রির চাপ বেশি। তবে খুচরায় সেভাবে বিক্রি হচ্ছে না। শীতের প্রকোপ বাড়লে বিক্রি পুরোদমে শুরু হবে।











