নগরীর পাঁচলাইশে সরকারি আবাসিক ভবনের লিফটে দেড় ঘণ্টা আটকে থাকার পর এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার বিকালে ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচলাইশ থানাধীন সরকারি আবাসিক ভবন হালদা’র নিচ তলা থেকে ওই কিশোরকে উদ্ধার করে। স্কুল থেকে বাসায় না ফেরায় ৯ম শ্রেণি পড়ুয়া কিশোরকে খোঁজাখুঁজির একপর্যায়ে লিফটের ভেতরে আটকা অবস্থায় আবিষ্কার করে তার পরিবার। এরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস চন্দনপুরা স্টেশনের লিডার জাকির হোসেন জানান, কারিগরি ত্রুটির কারণে ওই ছাত্র লিফটের ভেতর আটকা পড়ে। ৯৯৯ এ সংবাদ পেয়ে আমাদের একটি টিম দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। ভিকটিম কিশোর সুস্থ রয়েছে বলেও জানান তিনি।














