ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ সামনে রেখে শেষ হয়েছে টানা কয়েক সপ্তাহের নির্বাচনী প্রচার। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে, যাকে অনেকেই ‘যুদ্ধপ্রস্তুতি’ বলে অভিহিত করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দাবি করেছেন, দিল্লি থেকে ২ লাখ পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে ভোটের জন্য।
ভোটকেন্দ্রের গেটে যত জন ভোটার লাইনে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাদের হাতে স্লিপ তুলে দেবেন প্রিসাইডিং অফিসার। এটিই এবারের ভোটের নিয়ম। তাছাড়া, এবার মোবাইল ফোন নিয়েও ভোট দিতে যাওয়া যাবে না। আর সেই সমস্যা সমাধানে এবারই প্রথম বুথের সামনে মোবাইল কাউন্টার করবে কমিশন। সেখানে মোবাইল রেখে ভোট দিতে যেতে পারবেন ভোটাররা। খবর বিডিনিউজের। নির্বাচন কমিশন জানিয়েছে, সব বুথেই নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তারা ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেটি খেয়াল রাখা হবে। রাজ্যের অর্ধেকের বেশি আসনে এই ভোটে মূল দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) উভয়েই চাইবে যথাসম্ভব দাপট বজায় রাখতে। তবে এই দুই দলের সমানে সমান লড়াইয়ের পাশাপাশি কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার টানা চতুর্থবারের জন্য জয়লাভের লক্ষ্যে প্রচার চালিয়েছেন।














