জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরশ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার গ্যালারিগুলোতে এমন নামফলক দেখা যায়। এর আগে গ্যালারিগুলোর নাম ছিল নদী ও ফুলের নামে। নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন নামকরণ হওয়া গ্যালারিগুলো হলো– ভিআইপি গ্যালারি ১– বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (পূর্বের নাম : পদ্মা), ভিআইপি গ্যালারি ২– বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান (পূর্বের নাম : মেঘনা), গ্যালারি ৩– বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, (পূর্বের নাম : শিমুল)। গ্যালারি ৪– বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (পূর্বের নাম : শিউলি)। গ্যালারি ৫– বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন (পূর্বের নাম : বকুল)। গ্যালারি ৬– বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (পূর্বের নাম : শাপলা)। গ্যালারি ৭– বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল (পূর্বের নাম : যমুনা)। এছাড়া গ্যালারি–১ ও গ্যালারি–২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে (সাংবাদিক গ্যালারি)। খবর বাসসের।











