ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় নগরীর পলোগ্রাউন্ড স্কুলের সামনে সড়ক থেকে রেলওয়ের পুরনো একটি শিরীষ গাছ ভেঙে সু্কলের মাঠের ভেতরে গিয়ে পড়েছে। গত রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক থেকে গাছটি স্কুলের সীমানা প্রাচীর ভেঙে একেবারে স্কুলের সামনে গিয়ে পড়ে।
পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চন মহাজন জানান, গত রোববার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার দিকে ঝড়ো হাওয়ায় স্কুলের সামনের সড়ক থেকে রেলওয়ের একটি বড় শিরীষ গাছ হঠাৎ ভেঙে পড়ে। গাছটি স্কুলের সীমানা প্রাচীর ভেঙে একেবারে স্কুলের মাঠের সামনে এসে পড়ে। এ সময় বিদ্যুতের তারসহ খুটি পড়ে যায়। যার কারণে স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। ছেলেমেয়েরা বাইরে থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারতো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছটি এখনো পড়ে আছে। এখন ছেলেমেয়েদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। এলাকার লোকজন এবং যানবাহন চলাচল করতে পারছে না। রেলওয়ের গাছগুলোর গোড়ায় মাটি নেই। যে কোনো সময় এ রকম করে গাছগুলো ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।












