পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় ৪ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে প্রবেশ

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে জানালেন জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ খাতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি পুনর্ব্যবহার প্রক্রিয়ায় পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ ও পুনর্ব্যবহারের আওতায় আনতে এ সমঝোতা হয়েছে। জেলা প্রশাসক জানান, এখন পর্যন্ত ৪ শতাধিক শিক্ষার্থী পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করেছে। গত সেপ্টেম্বরে শিশু–কিশোরদের মধ্যে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ এ কার্যক্রম চালু করে জেলা প্রশাসন। চিড়িয়াখানায় সাধারণ প্রবেশমূল্য ৭০ টাকা হলেও ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে।

জেলা প্রশাসক বলেন, চিড়িয়াখানার এ উদ্যোগ দেখে বিভিন্ন জায়গা থেকে অনেকে তাকে ফোন করে প্লাস্টিক সংগ্রহের আগ্রহ জানিয়েছেন। সংগৃহীত প্লাস্টিক কীভাবে পুনর্ব্যবহার করা যাবে, তা–ও জানতে চেয়েছেন তারা। তবে দেশে এ ধরনের প্রতিষ্ঠান পর্যাপ্তভাবে গড়ে না ওঠা একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, তাহলে আমার মনে হয়, এটা ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে।’ সমঝোতা স্মারক অনুযায়ী, চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। এ কার্যক্রমে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে সমঝোতার মেয়াদ এক বছর। জেলা প্রশাসনের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসার পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও ইপসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিল ইনার হুইল ক্লাব
পরবর্তী নিবন্ধনুসরাত ফাতেহ আলী খান সুফি সন্ধ্যা