পরবর্তী প্রজন্মকে নিজেদের যোগ্য উত্তরসূরী হিসেবে প্রস্তুত করুন

জামেয়ার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মনজুর আলম

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত নগরীর পশ্চিম ষোলশহরস্থ এশিয়া বিখ্যাত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জামেয়ার চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেছেন, সঠিক দ্বীনি শিক্ষা অর্জনের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশেবিদেশে সুনাম অর্জন করেছে। এ প্রতিষ্ঠান আমাদের সকলের প্রাণ। শুধুমাত্র মুখে নয়, কাজেও একথার যথার্থতা প্রমাণ করতে হবে। যোগ্যরাই এখানে টিকে থাকবে ও নেতৃত্ব দেবে। প্রত্যেকের সক্ষমতা সমান নয়, তবে নিজের সর্বোচ্চটা দিন। পরবর্তী প্রজন্মকে নিজেদের যোগ্য উত্তরসূরী হিসেবে প্রস্তুত করুন। দায়িত্বের প্রতি আন্তরিকতা থাকলে সবই সম্ভব। গতকাল মঙ্গলবার জামেয়া কনফারেন্স হলে সভার শুরুতে মোহাম্মদ মনজুর আলমকে জামেয়ার নতুন চেয়ারম্যান হিসেবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা সবাই মিলে এক। অতীতের ভুলত্রুটি বাদ দিয়ে এখন হতে সবাই একসাথে মিলে জামেয়ার জন্য কাজ করব। আনজুমানের সকল সিদ্ধান্ত যথাযথভাবে মেনে চলব ও বাস্তবায়ন করব। জামেয়া পরিচালনায় আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে আপনারা যেসব প্রস্তাবনা দিয়েছেন, তার ধারাবাহিক বাস্তবায়ন দেখতে পাচ্ছেন। যেকোনো ইতিবাচক পরামর্শ সর্বদাই গ্রহণ করা হবে। তবে ব্যক্তিগত মনগড়া বা নিজস্ব মতামত প্রকাশের ক্ষেত্রে জামেয়া কিংবা আনজুমানের নাম ব্যবহার থেকে বিরত থাকবেন। হযরাতে কেরামের পক্ষ হতে নিযুক্ত হয়েছি বলেই আমরা জামেয়া ও আনজুমানের কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য কাজ করব। আসুন এ ব্যাপারে সবাই অঙ্গীকারবদ্ধ হই। আদব, ধৈর্য, ত্যাগ, শৃঙ্খলা ও দৃঢ়তা হোক আমাদের পথের পাথেয়।জামেয়া প্রতিষ্ঠার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন বলেন, আপনারা হচ্ছেন জামেয়ার শিক্ষক, এটা আপনারা গর্ব করে বলতে পারবেন। প্রত্যেক ছাত্রকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আপনাদের মূল দায়িত্ব।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, ক্যাবিনেট মেম্বার ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, জামেয়া গভর্নিং বডির সদস্য ড. মুহাম্মদ কামাল উদ্দীন আযহারী, হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান এবং জামেয়ার শতাধিক শিক্ষকমণ্ডলী।

জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভীর সঞ্চালনায় সভায় শিক্ষকদের মধ্যে মতবিনিময় করেন উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান ও হাফেজ মুহাম্মদ ওসমান গণি। শেষে সংশ্লিষ্ট সকলের সার্বিক মঙ্গল ও অগ্রগতি কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রিজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘১৮ কোটি মানুষ হাসিনার আগুন সন্ত্রাসকে প্রতিহত করবে’
পরবর্তী নিবন্ধবাসযোগ্য পরিবেশ গড়তে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে হবে : এরশাদ উল্লাহ এমপি