পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ এমপি।
তিনি গতকাল মঙ্গলবার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ও কানুনগোপাড়ার ড.বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ এমপি বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ড চট্টগ্রাম বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক
প্রফেসর মুহাম্মদ একরামুল হক, উপ–পরীক্ষা নিয়ন্ত্রক, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মোহাম্মদ আবদুল মন্নান, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। বক্তব্য রাখেন আজিজুল হক চেয়ারম্যান, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সভাপতি শওকত আলম, হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মন্নান, নুরুন্নবী চৌধুরী, আবু আকতার,জয়নাল,সাইফু মেম্বার,জিকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












