‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত’

মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

জনগণের রায়ে প্রত্যাখ্যাত পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি পাচার করা অর্থ, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সামপ্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে, তারা এখনো সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি থেকে সরে আসেনি। জনগণের বুকে গুলি চালিয়ে কোনো মাফিয়া অপশক্তি এ দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

তিনি গতকাল মঙ্গলবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা’র প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। নাসিমন ভবন ছাড়াও এদিন নগরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নাজিমুর রহমান বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক, সাংগঠনিক ও আইনগতভাবে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থেকে সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানাই।

কর্মসূচিতে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ঝুঁকিপূর্ণ স্পটে প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণকাজ শুরু
পরবর্তী নিবন্ধগোলের দৌড়ে পাশাপাশি মেসি, এমবাপে ও হালান্ড