পটিয়ায় ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ প্লাস’ ক্যাপসুল

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

শিশুর সুস্বাস্থ্য, অপুষ্টি প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলার প্রায় ৫৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ৪১০টি কেন্দ্র এবং দায়িত্ব পালন করবেন ৮২০ জন স্বেচ্ছাসেবক। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের সুস্থ ভবিষ্যৎ নির্মাণের অন্যতম হাতিয়ার। শিশুমৃত্যুর হার কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি অভিভাবকের উচিত নির্ধারিত তারিখে সন্তানকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. শুভ্র দেবর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা. সাজ্জাদ ওসমান, সাংবাদিক শফিউল আজম প্রমুখ। এবারের ক্যাম্পেইনে পটিয়া উপজেলায় ৬১১ মাস বয়সি ৭ হাজার ৯৮২ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২৫৯ মাস বয়সি ৪৭ হাজার ৮৩২ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
পরবর্তী নিবন্ধজাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ