পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায় দক্ষ করার জন্য এবং প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে শিগগিরই পটিয়ায় একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে। প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। তবেই দেশ উন্নত হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। তিনি বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে হবে। যাতে তারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামীর যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। তিনি গতকাল শনিবার পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের সমন্বয়ক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খোরশেদ আলম, গাজী আবু তাহের, শফিকুল ইসলাম চেয়ারম্যান, অধ্যাপক দেলোয়ার হোসেন, মো. একরামুল হক, এস এম হারুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাও অত্যন্ত জরুরি।













