পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন আবদুর রহমান বালিকা বিদ্যালয়

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার সকালে পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলমূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।

প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়২ এর সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি চাইলেই একসঙ্গে দূর করা সম্ভব নয়। দুর্নীতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যেকের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। ছোট্টকাল থেকেই পরিবার ও স্কুল থেকেই দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনে ধারণ করলে দুর্নীতি রোধ করা সহজ। এর মাধ্যমে একদিন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তৈরি সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধচুয়েটে এএসসিইর বার্ষিক সাধারণ সভা