পটিয়ায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

লুণ্ঠিত মালামাল ও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

পটিয়া থানার অভিযানে দস্যুতা মামলার মূল আসামি মো. খোরশেদ (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার পটিয়া থানাধীন ধলঘাট ইউপির ধরপাড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বড়লিয়া ইউপির বড়লিয়া ঠাকুর বাড়ির ৮নং ওয়ার্ডের মৃত পিয়ার আহম্মদের পুত্র।

জানা যায়, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়ার গৈরালাটেক চট্টগ্রামকক্সবাজারগামী পাকা রাস্তার উপর চলন্ত সিএনজি গাড়িতে তিনজন দুর্ধর্ষ ছিনতাইকারী পটিয়ার ইন্দ্রপোল এলাকার লবণ ফ্যাক্টরির শ্রমিক শাহনাজ আক্তার এ্যানির (২২) গলায় ছুরি ঠেকিয়ে প্রাণে হত্যার ভয়ভীতি দেখায়।

এসময় তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এম১১ মডেলের একটি মোবাইল ফোন ও নগদ ১০ দশ হাজার টাকা ছিনতাই করে ভিকটিমকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নেতৃত্বে থানা এলাকায় মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই আনবিক চাকমা সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একইদিনে পটিয়া থানাধীন ধলঘাট ইউপির ধরপাড়া এলাকা হতে ঘটনার মূল আসামি মোঃ খোরশেদ (২৬) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার নিকট থেকে ভিকটিমের লুন্ঠিত মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্টিলের ছুরি ও সিএনজি গাড়ী জব্দ করা হয়।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধশীলকুপে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধদীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পেল ৪০০ শিক্ষার্থী