নগরীর রূপালী ব্যাংক আগ্রাবাদ শাখার ১০৯ কোটি ৬৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় নূরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানের ৪ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা হলেন– মেমার্স নূরজাহান ফ্লাওয়ার মিল লিমিটেডের চেয়ারম্যান ইফতেখার আল জাবের, এমডি আবদুর রহিম, মেসার্স জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান ও সেমার্স নূরজাহান সুপার অয়েল লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ দৈনিক আজাদীকে বলেন, খেলাপি ঋণ আদায়ের লক্ষে ২০১৬ সালে রূপালী ব্যাংকের পক্ষ থেকে নূরজাহান ফ্লাওয়ার মিল লিমিটেডসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। এ মামলায় ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য সময় বেধে দিয়ে ডিক্রি জারি করে আদালত। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের কাছ থেকে ১০৯ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ১৩৫ টাকা দাবি করে চলতি বছর অর্থজারি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পরবর্তী অনেকগুলো বছর অতিবাহিত হওয়ার পরও দায়িকপক্ষ খেলাপি ঋণ পরিশোধে এগিয়ে না আসার পরিস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেসহ পরোয়ানা ইস্যু চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক সেটি মঞ্জুর করেছেন।












